বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা, গাড়ী ভাংচুরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার ( ১২ জুন) বিকাল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সংগঠনটি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বায়তুল মোকাররম থেকে কাকরাইল হয়ে ফের জাতীয় মসজিদের সামনে আসে। আধঘণ্টাব্যাপী দীর্ঘ হয় মিছিলটি।
দুপুরের পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী জাতীয় মসজিদের সামনে জড়ো হয়। তাদের নেতার ওপর হামলার খবরে বিক্ষোভে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। বিকালে বের করে মিছিল।
স্লোগানে মুখরিত হয় মিছিল। ‘সন্ত্রাসীদের কালোহাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও; পীর সাবের রক্ত বৃথা যেতে দেব না, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভোট চোর ভোট চোর, ইত্যাদি স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
সংগঠনটির নেতারা জানায়, ভোট গণনা ও ফলাফল দেয়া পর্যন্ত তারা একত্রে অবস্থান করবেন। ফলাফলের ব্যত্যয় ঘটলে ফের বিক্ষোভ ও প্রতিবাদ জানাবেন তারা। প্রয়োজনে নির্বাচন কমিশনের দিকে মিছিল নিয়ে যাবেন।
সোমবার (১২ জুন) বসিক নির্বাচনে নগরীর চৌমাথা এলাকায় সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে যান ফয়জুল করিম। সেখানে নৌকার সমর্থকরা ফয়জুল করিমের ওপর হামলা চালায়।
দুপুর ১টার দিকে প্রথমে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন তিনি। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরও অভিযোগ দেন তিনি।
ফয়জুল করিমের অভিযোগ, নৌকা প্রতীকের সমর্থকরা তার ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে আমি তাদের বাবার বয়সী। আমার চুল দাঁড়ি সবই পেকেছে। অথচ তারা আমাকে রক্তাক্ত করেছে।
পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, এই ঘটনার পেছনে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করবো।
এই ঘটনার মৌখিক অভিযোগ পেয়ে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, আমরা ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। তবে এই ঘটনাটি ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে। এতে ভোট কেন্দ্রের কোন ক্ষতি হয়নি ভোটাররা এখনো তাদের ভোট প্রদান করছেন। তবে হাত পাখার প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































