ছবি: আপন দেশ
পোশাক শ্রমিকদের দীর্ঘদিনের মজুরি প্রত্যাশা পূরণে শুরু হয়েছে নতুন আলোচনা। পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে নিম্নতম মজুরি বোর্ড।
সোমবার (০৯ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করবেন। প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করে পরবর্তী করণীয় এবং মজুরি প্রস্তাব আরও উন্নত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, সভায় শ্রমিকপক্ষের পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে মালিকপক্ষের প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। ফলে তারা আজ প্রস্তাব জমা দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রোববার (০৮ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ পর্যালোচনা করে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত মজুরি প্রস্তাব তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, সভায় উপস্থাপনের জন্য আমরা এখনো ন্যূনতম মজুরির প্রস্তাব চূড়ান্ত করার কাজ করছি। বিভিন্ন শ্রমিক সংগঠন এরই মধ্যে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। সেসব প্রস্তাবের ভিত্তিতে একটি যৌক্তিক ও বাস্তবসম্মত প্রস্তাব তৈরি করে মজুরি বোর্ডে উপস্থাপন করব।
বাবুল আখতার আরও বলেন, প্রস্তাবিত ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, যা শ্রমিকদের বর্তমান দাবি; অথবা এর চেয়েও বেশি হতে পারে।
বিভিন্ন শ্রমিক সংগঠনের সুপারিশ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং পোশাকশিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা করে মজুরির চূড়ান্ত পরিমাণ নির্ধারণ করা হবে।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিরতা ও কারখানা বন্ধ থাকার বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। দ্বিতীয় সভার প্রস্তুতি নেয়া হচ্ছে। আলোচনার পর মজুরি প্রস্তাব জমা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সোমবার প্রস্তাব জমা দেয়া হতে পারে, আবার নাও হতে পারে।
আরও পড়ুন <> শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
এর আগে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দফার সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের পর সেটির বিভিন্ন দিক, মজুরির যৌক্তিকতা এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রস্তাবের কোনো বিষয়ে সংশোধন বা আরও উন্নয়নের প্রয়োজন হলে সে বিষয়েও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে বোর্ড।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।
২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল।
তবে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হচ্ছে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































