ফাইল ছবি, আপন দেশ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (০৫ অক্টোবর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপে বাংলাদেশসহ মোট ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিনের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সক্রিয়তা আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন<<>>দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান
সংশ্লিষ্ট সূত্র জানায়, তানজানিয়ার আরুসায় ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইপিইউর ১৫৩তম সম্মেলন হচ্ছে। সম্মেলনে যোগ দিতে রোববার (০৪ অক্টোবর) তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার।
এ সফরে স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এছাড়া এমপি সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এসকে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম প্রতিনিধিদলে রয়েছেন।
সম্মেলনের যাবতীয় কার্যক্রম শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার ও তার সফরসঙ্গী প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































