ছবি : আপন দেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করলেও এখন কেন তা করছেন না। এর ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের কোনো বৈধতা ছিল না। কিন্তু বর্তমান বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরে সরকারের কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকার দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে বলে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিবাদ জানিয়ে আসছে।
আরও পড়ুন: বাংলাদেশের স্বার্থে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ পরিকল্পনা: মাহদী আমিন
এ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, আমি যদি সরকারে না থেকে অ্যাক্টিভিস্ট হতাম। তাহলে এর প্রতিবাদ করতাম। হাসিনার সময় হলে শুধু প্রতিবাদ নয়, পদত্যাগ চাইতাম। এখন চাওয়া উচিৎ হবে না।
কেন উচিৎ হবে না, তার ব্যাখ্যায় তিনি বলেন, কারণ ওই সরকারকে আমরা ওন করতাম না। ওই সরকারের লেজিটিমেসি ছিল না। কিন্তু এ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটা আমাদের সবার সরকার।
তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সমালোচনার সুযোগ থাকলেও ভর্তুকির চাপ কমাতে সরকারে কাছে বিকল্প কিছু ছিল না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে কথা উঠেছে, তা নাকচ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এমন কোনো শর্ত আসলে নেই। আইএমএফের বেসিক যে নিয়ম আছে। তারা চায় না সরকার ভর্তুকি দিক। আপনারা দেখবেন, এ নিয়ম আমরা সব সময় মেনে যাচ্ছি না।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































