Apan Desh | আপন দেশ

সাভার মহাসড়কে টায়ারে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০০:২২, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাভার মহাসড়কে টায়ারে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান

ছবি: আপন দেশ

সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের ওপর টায়ারে আগুন দেয়া হয়েছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়ারও ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বাড়ইপাড়া জুম্মাঘর সংলগ্ন তানজিলা টেক্সটাইল কারখানার সামনে চন্দ্রামুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে মহাসড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দ্রুত পিকআপে করে দক্ষিণ দিকে চলে যান। এতে সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভান এবং মহাসড়ক থেকে পোড়া টায়ার ও অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলেন। এতে কিছু সময় পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিমুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রুবেল শেখ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সড়কে টায়ার জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো ও সড়ক পরিষ্কার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও স্লোগানের ভিত্তিতে তিনি এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ করেন।

আরও পড়ুন <<>>  শাহজালাল বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার

তবে এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

ওসি আরও জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়