Apan Desh | আপন দেশ

ব্রীজ নির্মাণের দুই মাসেই সংযোগ সড়কে ধস

বোদা (পঞ্চগড়) প্রনিধিতি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রীজ নির্মাণের দুই মাসেই সংযোগ সড়কে ধস

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের বোদায় নির্মাণের মাত্র দুই মাসের মাথায় একটি গার্ডার ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ব্রীজটি। চার বছরের বেশি সময় ধরে চলছিল নির্মাণকাজ। 

সবশেষে দুই মাস আগে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। কিন্তু হালকা বৃষ্টিতেই ধসে পড়েছে সেতুর দুই পাশের প্রায় ২০০ মিটার সংযোগ সড়ক। এতে প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। চরম ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে মানুষ ও যানবাহনকে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের ধরধরা এলাকায় টাঙ্গন নদীর ওপর নবনির্মিত ব্রিজটিতে গিয়ে এমন চিত্র দেখা যায়।

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। তাদের অভিযোগ, নির্মাণকাজের শুরু থেকেই প্রকল্পটি নিয়ে নানা প্রশ্ন ছিল। এর মধ্যে ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সংযোগ সড়ক ভরাটের অভিযোগও ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য প্রিয়নাথসহ কয়েকজন বাসিন্দা জানান, বালু দিয়ে সড়ক ভরাটের সময় তাদের বলা হয়েছিল, এতে রাস্তা আরও মজবুত ও টেকসই হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও এলজিইডির মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন আশ্বাসে তারা তখন কাজে বাধা দেননি। তাদের দাবি, নদী থেকে তোলা নরম বালুর ওপর পর্যাপ্তভাবে মাটি ও অন্যান্য উপকরণ না দিয়ে দ্রুত হেরিংবোন সড়ক নির্মাণ করায় এখন তা ধসে পড়ছে। 

আরও পড়ুন<<>>শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৯ লাখ টাকা

এর আগে ব্রীজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের উদ্যোগ নেয়া হলেও স্থানীয়দের অভিযোগের মুখে তা আর উদ্বোধন করা হয়নি বলে জানা গেছে। স্থানীয় এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সেসময় এলাকাবাসীর অভিযোগ শুনে কাজের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন বলে স্থানীয়রা জানান। ওই ঘটনার ভিডিও ও খবর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, চার বছরের বেশি সময় ধরে নির্মাণকাজ চলার পর মাত্র দুই মাস আগে সড়কটি মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এত অল্প সময়ের মধ্যে সামান্য বৃষ্টিতে সড়ক ধসে পড়া নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তার মতে, প্রকল্প বাস্তবায়নের সময় এলজিইডির তদারকি যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা প্রয়োজন।

তবে সড়ক ধসে পড়ার বিষয়টি স্বীকার করেছে এলজিইডি।

বোদা উপজেলা সহকারী প্রকৌশলী আকরাম হোসেন বলেন, সেতুর দুই দিকের প্রায় ২০০ মিটারের এইচবিবি রাস্তাটি বৃষ্টিতে ভেঙে পড়েছে। ইতিমধ্যে রাস্তাটি চলাচলের উপযোগী করতে সংস্কারের ব্যবস্থা নেয়া হয়েছে। এত অল্প সময়ের ব্যবধানে রাস্তাটি এভাবে ধসে যাবে, তা আমরাও ভাবিনি। নিম্নমানের কাজের পেছনে ঠিকাদারি প্রতিষ্ঠানের কী ধরনের গাফিলতি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, ব্রীজের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া অংশের সংযোগ সড়কটি এইচবিবি পরিবর্তে স্থায়ীভাবে কার্পেটিং করার জন্য নতুন বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে।

পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সেখানে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনো চূড়ান্ত বিল দেয়া হয়নি। তদন্তে যদি ঠিকাদারের গাফিলতি বা কাজের নিম্নমানের প্রমাণ মেলে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকল্পটির নির্মাণকাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস কর্পোরেশন। ৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জনগুরুত্বপূর্ণ এ ব্রীজ ও সংযোগ সড়ক ব্যবহারের দুই মাসের মধ্যেই ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের দাবি, সাময়িক সংস্কার নয়, নির্মাণকাজের মান যাচাই করে ত্রুটির স্থায়ী সমাধান করতে হবে।
পঞ্চগড় জেলার দুই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য টাঙ্গন নদীর ওপর দুই উপজেলার নির্মাণ করা হয় সংযোগ ব্রীজ।
এ ব্রিজ দিয়ে বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার বিভিন্ন গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। তবে নির্মাণ শেষ হওয়ার মাত্র ২ মাসের মধ্যেই ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়ে। ফলে ব্রিজের উভয়পাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, বন্ধ ৬৭৯ কারখানা কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল যুক্তরাষ্ট্রে ভোটযুদ্ধ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা ইউক্রেইনের ত্রাণকেন্দ্রে রাশিয়ার বোমা হামলায় নিহত ২৬ আগারগাঁও মেট্রো স্টেশনসহ ২ স্থানে ককটেল বিস্ফোরণ এলপিজির দাম বাড়ল সুনির্দিষ্ট সময়েই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমনের আহবান জামায়াতের ফের পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন টানা দরপতনের পর বাড়ল স্বর্ণের দাম নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ালেন মারুফা ট্রাম্পের বাসভবনের অদূরে বিমান বিধ্বস্তে নিহত ৯
City Touch