ছবি: আপন দেশ
জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতার পর থেকেই জার্মান সরকার বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ইউরোপের বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ১৯৩৭ সাল থেকে আমাদের দেশে নির্বাচন হলেও গণতান্ত্রিকভাবে আমরা পিছিয়ে ছিলাম। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হলেও কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই রয়ে গিয়েছিল।
বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছিল জানিয়ে স্পিকার বলেন, পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন করে দেশের গণতন্ত্রকে বিপর্যস্ত করেছিল।
তিনি আরও বলেন, স্বৈরাচারী আমলের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এর পরিপ্রেক্ষিতে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন<<>>শ্রমিক ব্যবস্থাপনায় ভারতের মডেল শিক্ষণীয়: হাসনাত আবদুল্লাহ
বেগম খালেদা জিয়ার অবদান উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। দেশের নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে তার অবদান অনুসরণীয়।
তিনি বলেন, গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার নিজেদের উৎসর্গ করেছে। তাদের দৃঢ় মনোবল ও সংগ্রামের কারণেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
বর্তমান জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে স্পিকার জানান, জনগণের ভোটে নির্বাচিত ছয়জন নারী এমপি এবং সংরক্ষিত আসনে ৫০ জন নারী এমপি রয়েছেন। তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে জার্মানি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সংসদীয় কূটনীতির প্রসার এবং বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































