Apan Desh | আপন দেশ

বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যুর কারণ খোঁজার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৮, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৫১, ১ সেপ্টেম্বর ২০২৬

বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যুর কারণ খোঁজার নির্দেশ

ছবি : আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মৃত্যু হয়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাড়িটির চালক কতটা দক্ষ ছিলেন, দুর্ঘটনার সময় গাড়িটির গতি কত ছিল এবং অন্য কোনও কারিগরি বা অবকাঠামোগত কারণ ছিল কি না—এসব বিষয় তদন্তে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন <<>> তারেক রহমান-ট্রাম্পের সাক্ষাৎ শিগগিরই

তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানা যাবে।

মন্ত্রী আরও জানান, নিহত বিমানবাহিনীর তিন সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে তৃতীয় টার্মিনালের অভ্যন্তরে যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা নিশ্চিত করা এবং যেকোনও ধরনের দুর্ঘটনা ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে তৃতীয় টার্মিনালে গাড়ি দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়