Apan Desh | আপন দেশ

এয়ারএশিয়ার প্রযুক্তি নিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:০৫, ২০ আগস্ট ২০২৬

এয়ারএশিয়ার প্রযুক্তি নিতে চায় বাংলাদেশ

ছবি: আপন দেশ

প্রযুক্তি হস্তান্তর, কম খরচে এয়ারলাইন পরিচালনা, বিমানবন্দরের কার্যকারিতা বাড়ানো, ডিজিটালাইজেশন ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নে এয়ারএশিয়ার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এয়ারএশিয়া গ্রুপের সদর দফতর রেডকিউতে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়েছে।

সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে এ বৈঠক হয়। বাংলাদেশের প্রতিনিধিদলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ছিলেন।

এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিঙ্গাম প্রতিনিধিদলকে স্বাগত জানান। বৈঠকে এয়ারএশিয়ার ব্যবসা ও পরিচালন মডেল, কার্যক্রমের সর্বোত্তম পদ্ধতি এবং বৃহত্তর পরিসরে বিমান চলাচল খাতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।

বো লিঙ্গাম বলেন, বিমান চলাচলের ভ্যালু চেইনে আমাদের অভিজ্ঞতা বিনিময় করে নিতে পেরে আমরা গর্বিত। আশা করি, এর ফলে আমাদের কার্যক্রম সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে। সেসঙ্গে দুই বাজারের মধ্যে জ্ঞান বিনিময় ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি হবে। 

আরও পড়ুন<<>>সারারাত লাইনে দাঁড়িয়েও মেলে না গ্যাস

পরে এক নির্বাহী ব্রিফিংয়ে এয়ারএশিয়ার ব্যবস্থাপনা কম খরচের এয়ারলাইন (এলসিসি) মডেল সম্পর্কে তাদের অভিজ্ঞতা তুলে ধরে। টেকসইভাবে এলসিসি খাতের বিকাশে সহায়ক নীতি ও কার্যকর পরিচালন পরিবেশের গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে নেটওয়ার্ক ও উড়োজাহাজ বহরের কৌশল, বিমানবন্দরের দক্ষতা বৃদ্ধি, দ্রুত উড়োজাহাজের টার্নঅ্যারাউন্ড এবং পরিচালন ব্যয় কমানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এসব উদ্যোগের লক্ষ্য যাত্রীদের জন্য বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করা।

বাংলাদেশের প্রতিনিধিদল কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ পরিদর্শন করেন। সেখানে গ্রাউন্ড টিম রেডের (জিটিআর) সঙ্গে তারা স্বয়ংক্রিয় ও সেলফ-সার্ভিস যাত্রী প্রক্রিয়াকরণ, ডিজিটাল ব্যাগেজ ব্যবস্থাপনা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি পর্যবেক্ষণ করেন।

এসব প্রযুক্তি যাত্রী প্রবাহ ব্যবস্থাপনা, উড়োজাহাজের ব্যবহার বাড়ানো এবং বিমানবন্দরের পরিচালন দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে বলে বৈঠকে জানানো হয়।

আপন‌দেশ/মিম/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement