Apan Desh | আপন দেশ

ভোল পাল্টে সবাই এখন জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৯, ৩০ জুলাই ২০২৬

ভোল পাল্টে সবাই এখন জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপন দেশ

ভোল পাল্টে সবাই  এখন জুলাইযোদ্ধা হয়ে গেছে। যারা ভোল পাল্টিয়েছে, তারা এখন বেশি অপকর্মে লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর তথ্য ভবনে (ডিএফপি অডিটোরিয়াম) ‘জুলাই শহীদ দিবস’ স্মরণে আয়োজিত এক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, আন্দোলনের শুরুতে তরুণদের ন্যায্য দাবির প্রতি ব্যাপক জনসমর্থন ছিল। পরবর্তীতে বহু মানুষ প্রাণ দিয়েছেন। এসব শহীদদের পরিবারের ত্যাগ ও বেদনা জাতিকে সবসময় স্মরণ রাখতে হবে। তাদের আত্মত্যাগের মূল্য ধারণ করতে না পারলে সে ত্যাগ অর্থহীন হয়ে যাবে।

তিনি আক্ষেপ করে বলেন, ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে। যারা ভোল পাল্টিয়েছে, তারা এখন বেশি অপকর্মে লিপ্ত। 

আরও পড়ুন<<>>মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দেশের মানুষের জীবনমান উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। জুলাইয়ের ত্যাগ ধারণ ও পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে।

দেশের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মূল্যবোধ, শিক্ষা ও দায়িত্বশীলতা ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কোনো বাবা-মাকে সন্তানের মৃত্যুজনিত শোক বহন করতে না হয়।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার গঠনের পর গত পাঁচ মাসে সমাজের কিছুই বদলায়নি, আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে। পরিবর্তন বলতে কেবল তারেক রহমান, তিনি চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাই মিলে তাকে সহযোগিতা করতে হবে।

পরিবর্তন বাইরে থেকে আসবে না, পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই। দেশের মানুষ পরিশ্রমী ও ত্যাগী। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়