ছবি: আপন দেশ
যারা ধর্মের নামে সমাজ ও রাষ্ট্রে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে তারা জাতি, ধর্ম এবং ঈশ্বরের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ‘শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে সম্মান করেন। কে কীভাবে সৃষ্টিকর্তার কাছে যেতে চান, তা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। কেউ পূজা করেন, কেউ নামাজ পড়েন, কেউ প্রার্থনা করেন। পদ্ধতি ভিন্ন হলেও প্রত্যেকেই সর্বশক্তিমানকে পাওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, ধর্মবিশ্বাসকে পুঁজি করে একটি মহল সমাজকে বিভক্ত করতে চায়। বাংলাদেশে যেমন এ অপতৎপরতা দেখা যায়, তেমনি প্রতিবেশী দেশেও দেখা যায়। মানুষের ধর্মবিশ্বাসকে ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রকে বিভক্ত করে সে বিভক্তির সুযোগে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয়।
তাই কোনো অশুভ মহল যাতে ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের লক্ষ্য পূরণ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহবান জানান জহির উদ্দিন স্বপন।
আরও পড়ুন <<>> ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন, স্পিকার কায়সার কামাল
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের যেমন অধিকার রয়েছে; সনাতন ধর্মাবলম্বীদেরও ঠিক একই অধিকার রয়েছে। ধর্ম, বর্ণ, ভাষা কিংবা পাহাড়-সমতলের ভিত্তিতে কোনো বিভক্তি বাংলাদেশে হতে দেয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে দেশের সব ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং পাহাড়-সমতলের মানুষকে এক জায়গায় দাঁড় করানো হয়েছে। ধর্মের ভিত্তিতে বিভক্তির কোনো সুযোগ নেই।
মন্ত্রী বলেন, যারা ধর্মের নামে ও রাজনীতির নামে বিভক্তির কথা বলে- তারা জাতির শত্রু, ধর্মের শত্রু এবং ঈশ্বরের শত্রু।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































