Apan Desh | আপন দেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৭, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৬:০২, ১৪ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগে  ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছবি: আপন দেশ

দেশজুড়ে টানা বৃষ্টি শুরু হয়েছে। এ কারণে জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এর মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সাইন্সল্যাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি করে শিক্ষার্থীরা।

তারা দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিতের দাবি জানায়। এছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি জানিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবিগুলো কেবল রাজধানীর নয়, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে উত্থাপন করা হয়েছে। তারা মনে করছেন, চলমান দুর্যোগে দেশের সব অঞ্চলের শিক্ষার্থীর জন্য সমানভাবে পরীক্ষায় অংশ নেয়া সম্ভব হয়নি। তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া উচিত।

শিক্ষার্থীদের ঘোষিত প্রথম দাবি হলো, দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।

তাদের মতে, অনেক জেলা এখনো বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত। কোথাও সড়ক যোগাযোগ ব্যাহত, কোথাও শিক্ষার্থীরা নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে পরীক্ষা অব্যাহত রাখা বৈষম্য তৈরি করছে।

দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন <<>> পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত দিল শিক্ষামন্ত্রী

তাদের দাবি, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের দায়ী করা যায় না। তাই তাদের জন্য পৃথকভাবে পরীক্ষা নেয়ার সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন।

তৃতীয় দাবিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বৈরী আবহাওয়ার বাস্তবতা বিবেচনায় না নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে হাজারো পরীক্ষার্থী দুর্ভোগের শিকার হয়েছেন। এজন্য সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান জলাবদ্ধতা, কোথাও দীর্ঘ যানজট পেরিয়ে কেন্দ্রে যেতে হয়েছে। অনেকে নির্ধারিত সময়ের অনেক আগেই বাসা থেকে বের হলেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেয়েছেন। বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী আরও বেশি সংকটে পড়েছেন বলেও দাবি করেন তারা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch