ছবি: আপন দেশ
বিমান পরিবহন খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক অ্যাভিয়েশন সেবা প্রতিষ্ঠান সুইসপোর্ট।
মঙ্গলবার (১৬ জুন) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষের এক সাক্ষাৎ অনুষ্ঠানে দেশটি আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
আরও পড়ুন<<>> রাষ্ট্র এখন গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী
এসময় রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সুইস কোম্পানি সুইসপোর্টের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেয়ার আহবান জানান এবং বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে দুদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































