ফাইল ছবি
সরকারি দলের সংসদ সদস্যদের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকায়ও সমানভাবে উন্নয়ন কাজ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
তারেক রহমান বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকারদলীয় সদস্যরা যেভাবে নিজ নিজ এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবেন, একইভাবে বিরোধী দলের সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন প্রকল্প নেয়া হবে।
তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত ৬০ হাজার পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেয়া হয়েছে। আগামী অর্থবছরে আরও ৪১ লাখ ২০ হাজার পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে।
আরও পড়ুন <<>> আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার, দ্রুতই ব্যবস্থা
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাপমাত্রা সহনশীল রাখা এবং দূষণ কমানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে আসন্ন বর্ষা মৌসুমেই ৩ কোটি ১৪ লাখ গাছ রোপণ করা হবে।
তিনি আরও জানান, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এখন পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ৯৫৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































