ছবি: আপন দেশ
গণমাধ্যমকর্মীদের হাসপাতালে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার (০৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশনের মানবসম্পদ ও করপোরেটবিষয়ক পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনায় ৩০ মে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল ত্যাগ করার পর বিপুলসংখ্যক সাংবাদিক হাসপাতালে প্রবেশের চেষ্টা করেন। তখন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের স্বার্থ বিবেচনায় সাংবাদিকদের প্রবেশ থেকে বিরত রাখার চেষ্টা করে কর্তৃপক্ষ।
একপর্যায়ে হাসপাতালের কিছু কর্মীর সঙ্গে সাংবাদিকদের কথাকাটাকাটি হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একজন সাংবাদিক পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঝাড়ুদার’ বলে সম্বোধন করলে তারা অপমানিত বোধ করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কর্মীরা সাংবাদিকদের হাসপাতাল ত্যাগের অনুরোধ জানান।
ঘটনার সময় উপস্থিত হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনার পরপরই আদ্-দ্বীন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় এবং তদন্ত শুরু করে।
আরও পড়ুন <<>> বাংলাদেশ-তুরস্ক যৌথ প্রতিরক্ষা-পররাষ্ট্র কমিটি গঠনের সিদ্ধান্ত
তদন্ত শেষে দুই কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। তবে কর্মীদের সামাজিক মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আদ্-দ্বীন সব সময়ই গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করে থাকেন। অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ এবং পরবর্তীতে দায়ী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তারই বহিঃপ্রকাশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































