ছবি: আপন দেশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তানজানিয়ার এক নাগরিকের কাছ থেকে প্রায় ১৩ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। বিদেশি এ নাগরিক মাদক নিয়ে ভিয়েতনাম যাচ্ছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান জানান, গ্রেফতার হওয়া আবুল নাসির বাকারি জাহার ঢাকা বিমানবন্দর থেকে ভারতে ট্রানজিট নিয়ে ভিয়েতনামে যাওয়ার পরিকল্পনায় ছিলেন। মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
গত ২০ মে বিমানবন্দরে সন্দেহজনক অবস্থায় আবুল নাসিরকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। পরে তার পাকস্থলী থেকে ৫১টি ক্যাপসুল উদ্ধার করা হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২২ মে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, উদ্ধার করা ৫১টি ক্যাপসুলে মোট ৮৬৯ গ্রাম হেরোইন ছিল। এর আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ১৩ লাখ ৫৯ হাজার টাকা।
আরও পড়ুন <<>> দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
এ ঘটনায় শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আনিসুজ্জামান লিংকন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
পুলিশ জানায়, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ২৭ মে আদালতের মাধ্যমে আবুল নাসিরকে কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা এবং পুরো নেটওয়ার্ক সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































