Apan Desh | আপন দেশ

ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ২৯ মে ২০২৬

আপডেট: ১৯:১৩, ২৯ মে ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশে চলছে পশু কোরবানি

ফাইল ছবি, আপন দেশ

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় সারাদেশে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পশু কোরবানি চলছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। 

পেশাদার কসাইয়ের সংকট থাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

নগরবাসীরা বলছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের বাড়তি ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

এ বিষয়ে মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আতিকুর রহমান বলেন, প্রতিবছর আমরা ঈদের পরদিন কোরবানি দেই।

ঈদের দিন মৌসুমি কসাই দিয়ে কোরবানি দিলে তারা মাংস ঠিকমতো কাটতে পারে না। এ ছাড়া ঈদের দিন পেশাদার কসাইয়েরও সংকট থাকে। তাই আমরা প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিয়ে থাকি।
মিরপুরের সেনপাড়ার বাসিন্দা আক্তার হোসেন জানান, ঈদের দিন গরু কোরবানি দিয়েছি, আজ ছাগল দিলাম। আমরা নিজেরাই গরুর মাংস কাটাকাটি করি। গতকাল গরু কাটতে কাটতে দেরি হয়ে গেছে, তাই ছাগল আজ কোরবানি দিলাম।

আরও পড়ুন<<>>উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঈদুল আজহা উদযাপন

শেওড়াপাড়ার পেশাদার কসাই ফরিদ মিয়া বলেন, ঈদের দিন আটটি গরু কেটেছি। আজ চারটি গরু কাটার অর্ডার রয়েছে। ঈদের দিন প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিয়েছি। আজ হাজারে ১শ টাকা নিচ্ছি।

এদিকে পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানামুখী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) কোরবানির দিন সকাল থেকেই সিটি করপোরেশনের কর্মীরা শহর পরিষ্কারের কাজে নামেন। প্রতিটি এলাকাতেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

ইসলামী শরিয়াহ অনুযায়ী, কোরবানির সময় থাকে তিন দিন। আরবি হিজরি জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখ পর্যন্ত সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা যায়। ফলে কোনো কারণে ঈদের দিন কোরবানি সম্ভব না হলে পরবর্তী দুই দিনেও কোরবানি আদায় করা বৈধ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়