ছবি: আপন দেশ
ত্যাগের মহিমা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রাজধানীসহ সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসব কোরবানির ঈদ নামেও পরিচিত। যুগ যুগ ধরে ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের বার্তা বহন করে আসছে।
বৃহস্পতিবার (২৮ মে)সকালে দেশের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজের আগে খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে মুসল্লিরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন এবং পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক এবং সর্বস্তরের মুসল্লিরা।
জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় আরেকটি বড় জামাত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূইয়া, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা। নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়।
ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন নগরবাসী। মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন একে অপরকে সহযোগিতা করে কোরবানি সম্পন্ন করেন। বাড়ির সামনের রাস্তা, গ্যারেজ ও খোলা মাঠেও পশু কোরবানি দিতে দেখা যায়।
আরও পড়ুন <<>> ঈদের নামাজ শেষে রাজধানীর চলছে পশু কোরবানি
ঈদ উপলক্ষে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
ধর্মীয় বিধান অনুযায়ী, ঈদের দিনসহ পরবর্তী দুই দিন আসর পর্যন্ত কোরবানি করা যাবে। কোরবানির মাংসের এক ভাগ গরিব-মিসকিনদের, এক ভাগ আত্মীয়-স্বজনদের এবং এক ভাগ নিজের জন্য রাখার বিধান রয়েছে।
এদিকে, স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী বুধবার সৌদি আররে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। হজ পালনকারীরা মিনায় অবস্থান করে পশু কোরবানিসহ হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি গ্রামেও এক দিন আগে ঈদ উদযাপন করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































