ছবি: আপন দেশ
চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের মধ্যে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লঞ্চঘাট এলাকায়। এ ঘটনায় একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২৫ মে) দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। প্রবল বাতাস ও উত্তাল নদীর কারণে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে সমস্যায় পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চ থেকে যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’ এসে ঈগল-৭–কে ধাক্কা দেয়। এতে ঈগল-৭ হেলে পড়লে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।
প্রাণ বাঁচাতে অনেকে ব্যাগ ও মালামাল ফেলে দ্রুত নামার চেষ্টা করেন। এসময় হুড়োহুড়িতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হন। আহত কয়েকজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন <<>> দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ঘটনার পর নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। পরে আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
লঞ্চঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর যাত্রীদের ফেলে যাওয়া ব্যাগ ও মালামাল বুঝিয়ে দেয়া হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































