ফাইল ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেবেন। এছাড়া এ জামাতে অংশ নেবেন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিদেশি কূটনীতিকরা।
সোমবার (২৫ মে) এক ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম এ তথ্য জানান।
আবদুস সালাম বলেন, ডিএসসিসির ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত সুশৃঙ্খলভাবে আয়োজন করা হয়েছে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ভিআইপি পুরুষ ২৫০ জন এবং নারী ৮০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ মুসল্লিদের জন্য প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার ৫০০ নারীর আলাদা ব্যবস্থা রয়েছে।
প্রবেশের জন্য ৪টি ফটক এবং বের হওয়ার জন্য ৭টি ফটক রাখা হয়েছে। ভিআইপি, পুরুষ ও নারী মুসল্লিদের জন্য পৃথক প্রবেশ ও বহির্গমন পথ নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন <<>> মন্ত্রীসভার প্রায় ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে: মাহাদী আমিন
মুসল্লিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান ও আলো, নিরাপদ পানির ব্যবস্থা, কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ থাকবে। নারীদের জন্যও আলাদা নামাজ ও প্রবেশ ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
এছাড়া অজুখানায় একসঙ্গে ১৪০ জনের অজু করার ব্যবস্থা রয়েছে। ফায়ার সার্ভিস, প্রাথমিক চিকিৎসা, নিরাপত্তা ব্যবস্থা এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ঈদ জামাত নির্বিঘ্ন, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































