ছবি: আপন দেশ
আগামী এক মাসের মধ্যে মিরপুরের শিশু রামিসা আক্তার হত্যা মামলার আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহাওয়ামান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মেলেছে।
তিনি বলেন, এ বিষয়ে আজকের অনুষ্ঠানে আমি পরিস্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এ ধরণের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এ হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে, ইনশাল্লাহ। সে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদন্ড।
প্রধানমন্ত্রী এ সর্বোচ্চ শাস্তির কথা উল্লেখ করে বলেন, যাতে করে ভবিষ্যতে কোনো ব্যক্তি, মানুষ এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। একই সঙ্গে আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহাওয়ামান কালের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পুনরুজ্জীবর ঘটাতে হবে। এক্ষেত্রে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম প্রাসঙ্গিক।
রামিসার হত্যাকান্ডের পরপর বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পল্লবীর বাসায় গিয়ে তার শোকাতুর বাবা-মা ও বড় বোনের সাথে দেখা করেন। সেখানে তাদের এ হত্যার বিচার দ্রুত করার কথা বলেন।
আরও পড়ুন <<>> রামিসার ডিএনএ প্রতিবেদন হস্তান্তর
প্রধানমন্ত্রীর সাথে থাকা স্বরাষ্ট্র মন্ত্রী সালেহ উদ্দিন আহমেদ পরে সাংবাদিকদের কাছে বলেন, রোববার বিকালেই রামিসা হত্যা মামলার চার্জসিট পুলিশ আদালতে দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান পল্লবীতে রামিসার বাসায় তার বাবা-মাকে সাত্বনা জানানোর পরে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের কাছে রোববার (২৪ মে) বিকেলেই আদালতে পুলিশ চার্জসিট জমা দেবে বলে জানান।
তিনি বলেন, পুলিশ ডিপার্টমেন্ট সততার সাথে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ ধারায় স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেয়ার পালা। চার্জশিট দেয়ার আগে এখন ডিএনএ টেস্টটা করতে হবে। ডিএনএ টেস্টের জন্য আমাদের সিআইডি ল্যাবে অলরেডি আদালতের অনুমতি নিয়ে টেস্টের কাজ চলছে। ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে, ৪৮ ঘন্টা সময় লাগে। যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়… সেটা শেষ হবে রোববারের দুপুরের মধ্যে। আমরা রোববার বিকেলের মধ্যে ইনশাল্লাহ আদালতে চারশিট দাখিল করতে পারব।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের চেষ্টা থাকবে।
কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দড়িরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকীর তিনদিন ব্যাপী এ অনুষ্ঠান হয়।
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন এবং জেলা প্রশাসক সাইফুর রহমান বক্তব্য রাখেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































