ছবি: আপন দেশ
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ডিএনএ টেস্ট করা হয়েছে। যার প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বিকেলে এ রিপোর্ট হস্তান্তর করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএনএ প্রতিবেদন হাতে পাওয়ার পর মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান জানিয়েছেন, রোববার (২৪ মে) আদালতে চার্জশিট জমা দেয়া হবে।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে বাসা থেকে বের হয়। অভিযোগ অনুযায়ী, পরে তাকে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কৌশলে তাদের কক্ষে নিয়ে যান।
এর কিছু সময় পর শিশুটির মা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে সন্দেহজনক অবস্থায় অভিযুক্তদের কক্ষের সামনে শিশুটির জুতা পাওয়া যায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন <<>> রামিসা হত্যা: বিচারের দাবিতে মিরপুর সড়কে অবরোধ
ঘটনার পর জাতীয় জরুরি সেবার মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও সংশ্লিষ্ট অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































