Apan Desh | আপন দেশ

ড. দিপু সিদ্দিকীকে হত্যার হুমকি, ড. সুকোমল বড়ুয়ার নিন্দা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০০, ২০ মে ২০২৬

ড. দিপু সিদ্দিকীকে হত্যার হুমকি, ড. সুকোমল বড়ুয়ার নিন্দা

অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া

খ্যাতিমান অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও তাকে হত্যার হুমকিতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন একুশে পদক এবং স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালযয়ের সুপার নিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষক সমাজ একটি জাতির মেরুদণ্ড। বর্তমানে শিক্ষা ও শিক্ষক সমাজকে বিভিন্নভাবে কলুষিত করা হচ্ছে। সম্প্রতি রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা'র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, খ্যাতিমান অধ্যাপক ড. দিপু সিদ্দিকীর বিরুদ্ধে একটি মহল মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। আমার এর তীব্র নিন্দা জানাচ্ছি।

ডক্টর দিপু সিদ্দিকী একজন বিনম্র প্রতিভাবান ও প্রাজ্ঞ শিক্ষক। এক যুগেরও বেশি সময় ধরে তিনি রয়েল ইউনিভার্সিটিতে অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করছেন। একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার একতা ও সততা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য অত্যন্ত প্রশংসনীয়। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক। 

তিনি কেবল একজন শিক্ষকই নন, একজন বিশিষ্ট কলামিস্ট ও প্রাবন্ধিক হিসেবে বুদ্ধিবৃত্তিক অঙ্গনে বেশ সুপরিচিত। আমরা তার লেখনীতে সবসময়ই ন্যায়বিচার, শান্তি এবং উন্নত নৈতিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করতে দেখেছি। বিশেষ করে যুব সমাজের দৃষ্টিভঙ্গি ও উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলার উদার মানসিকতা ও চেতনা সত্যিই প্রশংসনীয়। 

আরও পড়ুন<<>>শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, একটি চিহ্নিত মহল কতিপয় উশৃঙ্খল যুবক ও সাবেক শিক্ষার্থীদেরকে ব্যবহার করে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চরম মানহানিকর ও ঘৃণ্য অপবাদ প্রচার করছে। যা অত্যন্ত দুঃখজনক। এমন কী তাকে হত্যার হুমকিও প্রদান করা হচ্ছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

শিক্ষকদের অবরুদ্ধ রাখার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান নিয়ে আলোচনার নামে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রকসহ জ্যেষ্ঠ শিক্ষকদের অবরুদ্ধ করা হয়েছে এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। কোনো অভিযোগ থাকলে তা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য যথাযথ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তারা সবকিছু খতিয়ে দেখবেন। কিন্তু এভাবে 'মব কালচার' বা জনবিক্ষোভ তৈরি করে শিক্ষকদের অপমান এবং সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত করতে পারে না। এটা আইনের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে আমরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় অঙ্গনে কোনোভাবেই 'মব সন্ত্রাস' বরদাস্ত করা হবে না। অতএব, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিঘ্নিতকারী এবং অধ্যাপক সিদ্দিকীকে হত্যার হুমকি ও অপবাদ প্রদানকারী উশৃঙ্খল যুবকদেরকে এহেন গর্হিত কর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুবা অপরাধকারীদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহবান জানান তিনি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার ও প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষকদের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়