ছবি : সংগৃহীত
দেশের সারাদেশে বজ্রপাতে সাত জনের মৃত্যু হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে নওগাঁ, ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম ও লালমনিটরহাট।
বুধবার (০৬ মে) দেশের বিভিন্ন জেলায় এ ঘটনা ঘটে।
নওগাঁ
নওগাঁ জেলার নিয়ামতপুর এবং মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, দিলিপ চন্দ্র বর্মন ও অনুকূল চন্দ্র মাহন্ত। নিহত অপরজনের নাম জানা যায়নি।
ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুর রাশিদ পেশায় কৃষক। সে রাজাবাড়িয়া বাজারের পাশে ধান চাষ করেছিলেন। স্ত্রীকে নিয়ে আব্দুর রাশিদ ওই ধান কাটছিলেন। ধান কাটার সময় বৃষ্টিও হচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রাশিদ গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, এ ঘটনায় তার স্ত্রী অক্ষত আছে বলেও জানান তিনি।
জামালপুর
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোহেল মিয়া নিজ ক্ষেতে ভুট্টা তুলছিলেন। হঠাৎ করে বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি ক্ষেতেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে মো. ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানে। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ইউসুফ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. স্বর্ণা আহমেদ।
স্থানীয়রা জানান, সকাল থেকে নিজের ভুট্টাক্ষেতে কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে সংগৃহীত ভুট্টা নিয়ে বাড়িতে ফিরছিলেন। কিছুক্ষণ পর পুনরায় ভুট্টাক্ষেতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































