ছবি: আপন দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য এ খাতের কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব প্রাণিচিকিৎসা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণিচিকিৎসা পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সময়ের সঙ্গে সঙ্গে এ বিষয়ে মানুষের সচেতনতা বাড়ছে এবং দেশে প্রাণিচিকিৎসা শিক্ষারও ব্যাপক প্রসার ঘটেছে।
সালাউদ্দিন টুকু বলেন, প্রাণীরা নিজেদের সমস্যা প্রকাশ করতে পারে না, ফলে তাদের চিকিৎসা ও সুস্থ রাখা অত্যন্ত কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ। এ খাতে কর্মরতরা মেধা ও দক্ষতার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অতীতে দেশের শীর্ষ নেতৃত্ব প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন এবং বর্তমান সরকারও এ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আরও পড়ুন<<>>‘সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে’
তিনি বলেন, পারস্পরিক সমন্বয় ও আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সালাউদ্দিন টুকু জানান, প্রাণিসম্পদ খাতকে কৃষক সহায়তা ব্যবস্থার আওতায় আনা হচ্ছে, ফলে খামারিরা সরাসরি উপকৃত হবেন।
দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ এগিয়ে যাবে।
সভায় প্রাণিচিকিৎসা সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এছাড়া প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান, পরিচালক ডা. মো. বয়জার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় মূল প্রবন্ধে প্রাণিচিকিৎসা পেশার বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রাণিচিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































