ছবি: আপন দেশ
রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এলেক্স ইমন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা। গ্রেফতাররা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বি কাজী (২৫)। তারা সবাই ইমনের প্রতিপক্ষ গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি কাটার ও ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, এলেক্স ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং চক্রের মূলহোতা ছিলেন। তিনি এলেক্স গ্রুপের নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন <<>> ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
স্থানীয় সূত্র জানায়, এ ঘটনায় শারুখ, আরমান, কাইল্লা বাদল, কাল্লু, ইয়াসিন, চিকু শাকিল, ভান্ডারী ইমন, নেকেট শাকিলসহ আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে।
জানা গেছে, রায়েরবাজার এলাকায় এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অস্ত্র হাতে এক গ্রুপ আরেক গ্রুপকে ধাওয়া করছে। এসময় ইমন মাটিতে পড়ে যান। তার হাতেও ধারালো অস্ত্র ছিল। তবে হামলার মুখে তিনি তা ফেলে দিয়ে বাঁচার চেষ্টা করেন। এরপর প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতরভাবে আহত হন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































