Apan Desh | আপন দেশ

ঈদযাত্রায় ভোগান্তি-ভাড়া নৈরাজ্যের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২২, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪৯, ১০ মার্চ ২০২৬

ঈদযাত্রায় ভোগান্তি-ভাড়া নৈরাজ্যের শঙ্কা

ছবি: সংগৃহীত

ঈদকে সামনে রেখে পরিবহনে জ্বালানি তেল সরবরাহে নির্ধারিত সিলিং পদ্ধতি যাত্রীদের ভোগান্তি বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, এ ব্যবস্থা ভাড়া নৈরাজ্য উসকে দিতে পারে এবং যানজট ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়াতে পারে। তাই অন্তত ঈদের দিন পর্যন্ত পরিবহনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (১০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, আসন্ন ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ দেশের বিভিন্ন এলাকায় গ্রামের বাড়িতে যাবে। এছাড়া দেশের এক জেলা থেকে অন্য জেলায় আরও তিন থেকে চার কোটি মানুষের যাতায়াত হতে পারে।

সংগঠনটির হিসাবে, ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন পরিবহনে বিপুল সংখ্যক ট্রিপ পরিচালিত হবে। এর মধ্যে বিভিন্ন শ্রেণির লঞ্চে প্রায় ৪০ লাখ ট্রিপ, সিএনজিচালিত অটোরিকশায় ৩০ লাখ ট্রিপ, হিউম্যান হলারে ৮০ লাখ ট্রিপ, কার ও মাইক্রোবাসে প্রায় ৬০ হাজার ট্রিপ, দূরপাল্লার বাস ও মিনিবাসে ৩০ লাখ ট্রিপ, ঢাকার সিটিবাসে ৪০ লাখ ট্রিপ এবং রাইডশেয়ারিং মোটরসাইকেলে প্রায় ২ কোটি ৫০ লাখ ট্রিপ হতে পারে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, অল্প সময়ে এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াত সামাল দেয়ার মতো পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা দেশে নেই। একদিকে গণপরিবহন সংকট, অন্যদিকে প্রতিটি পরিবহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

তার মতে, এমন পরিস্থিতিতে পরিবহনে জ্বালানি তেল সরবরাহে সিলিং পদ্ধতি চালু থাকলে যানবাহনের সর্বোচ্চ ব্যবহার বাধাগ্রস্ত হবে। এতে কিছু অসাধু পরিবহন মালিক অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নিতে পারে।

আরও পড়ুন <<>> রাজধানীতে ৪৭টি মাথার খুলি-হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

তিনি আরও বলেন, যানজট ও জনজটের কারণে নিরবচ্ছিন্ন যাতায়াত ব্যাহত হতে পারে। বারবার জ্বালানি নিতে গিয়ে পরিবহনের সময় নষ্ট হবে, ফলে যাত্রীদের যাতায়াতে বিলম্ব ঘটবে।

এতে অনেক গণপরিবহনের নির্ধারিত ট্রিপ বাতিল হয়ে সময়সূচি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে। তাই ঈদের দিন পর্যন্ত পরিবহনে জ্বালানি তেল সরবরাহের সিলিং পদ্ধতি বাতিল করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়