Apan Desh | আপন দেশ

প্রবাসীদের নিরাপত্তা দেয়া সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ২ মার্চ ২০২৬

প্রবাসীদের নিরাপত্তা দেয়া সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

ছবি: আপন দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিদেশগামী ও সেসব দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’।

সোমবার (০২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে আমাদের যেসব নাগরিক বিভিন্ন দেশে যেতে পারেননি কিংবা পথে আটকা পড়েছেন, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়।

একই সঙ্গে বাংলাদেশে আটকে পড়া যাত্রীদের সহায়তা, ভিসা সংক্রান্ত জটিলতা সমাধান এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে আন্তঃমন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিমানবন্দরে সরাসরি কাজ করছে, যেন যাত্রীরা নিরাপদ থাকতে পারেন এবং প্রয়োজনে হোটেলে অবস্থানের সুযোগ পান। সরকার নিয়মিত পরিস্থিতির আপডেট নিচ্ছে।  যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে বা জরুরি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তারা যেন এয়ারলাইন্সগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পান এবং দুর্ভোগে না পড়েন—সে লক্ষ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন <<>> কড়া সমালোচনার মুখে এবার খামেনি নিহতের ঘটনায় বাংলাদেশের দুঃখপ্রকাশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছে। আমাদের নম্বর ওয়ান প্রায়োরিটি (সর্বপ্রথম অগ্রাধিকার) হলো বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশে যাওয়ার কথা থাকলেও যেসব বাংলাদেশি প্রবাসী এখনো যেতে পারছেন না, তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অনিশ্চিত থাকায় কবে স্বাভাবিক ভ্রমণ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভ্রমণ চালু হলে যাত্রীরা যেন কোনো জটিলতা ছাড়াই নির্ধারিত গন্তব্যে যেতে পারেন, সে প্রস্তুতি রাখা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়