ছবি: আপন দেশ
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
রোববার (০১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ইরানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট সমস্যাও আলোচনায় উঠে আসে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনাও প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং প্রতিমন্ত্রী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন বলেও তিনি জানান।
আরও পড়ুন <<>> ভেজালবিরোধী অভিযানে বাজারের ৪৯ খাদ্যপণ্য প্রত্যাহার
এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রীকে বিষয়টি সার্বক্ষণিকভাবে তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হন। দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে সাম্প্রতিক ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের জানান, ভূমিকম্প-পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































