Apan Desh | আপন দেশ

জেনে নিন ঈদের স্পেশাল ট্রেনের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জেনে নিন ঈদের স্পেশাল ট্রেনের সময়সূচি

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে প্রেক্ষিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রতিবছরের মতো ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রীচাপ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এসব বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। এর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। অপরদিকে চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে তিস্তা স্পেশাল-৩ ও ৪। তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে বিকেল ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে বিকেল ৪টা ৩০ মিনিটে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে পরিচালিত হবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬। স্পেশাল-৫ ভৈরববাজার থেকে সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে এবং স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজারে পৌঁছাবে।

এছাড়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮। স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে দুপুর ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে।

আরও পড়ুন <<>> অমর একুশে গ্রন্থমেলায় থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : ডিএমপি

জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চলাচল করবে। স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৭টায় ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে এবং স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে। ঈদের পর একই ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। তখন স্পেশাল-৯ জয়দেবপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে এবং স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে বিকেল ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, ঈদ উপলক্ষে বিশেষ এ ট্রেনগুলো পরিচালনার ফলে অতিরিক্ত যাত্রীচাপ কমবে এবং যাত্রীদের ঈদযাত্রা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়