ফাইল ছবি, আপন দেশ
নতুন বিধিমালা প্রণয়ন ও রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এবিএম আরিফুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখতে হবে।
আরও পড়ুন<<>>‘কৃষি নীতি নির্ধাণের কেন্দ্রবিন্দুতে কৃষককে রাখতে হবে’
চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের চিঠিটি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং পৌরসভার প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া সিটি করপোরেশনের প্রশাসক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিবকেও চিঠির অনুলিপি দেয়া হয়েছে।
নির্দেশনায় রাষ্ট্রীয় জরুরি বিষয়গুলোকে স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অন্যান্য কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত থাকবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































