সুলতান সালাউদ্দিন টুকু |
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের ঘাটতি হবে না। এ তথ্য জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাজারে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সে অনুযায়ী আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি, আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো।
তিনি বলেন, রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেয়া হবে।
রমজানে নিত্য পণ্যে বাড়তি চাহিদা নিয়ে তিনি বলেন, রমজানে সব পন্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোনো ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। এতে সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, এছাড়াও মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং নির্মুল করে নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সঙ্গে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরত্ব দেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তারা। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































