Apan Desh | আপন দেশ

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধন্ত নেব: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:৪০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দ্রুতই স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধন্ত নেব: মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া তিনি জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকার উদ্যোগ নেবে।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন কবে হতে পারে? এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, যত দ্রুত সম্ভব, আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব, এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের সময়ে নির্বাচিত পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কাউন্সিলরদেরকে অপসারণ করে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের এখনও অপসারণ করা হয়নি। তবে তাদের অনেকেই কারাবন্দি, আবার অনেকেই এলাকাছাড়া।

সরকারের সামনে চ্যালেঞ্জ কী— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  চ্যালেঞ্জ নিয়ে এসছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে— টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)। আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য, আই হ্যাভ এ প্ল্যান (আমার একটা পরিকল্পনা আছে)। সে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে।

গণতন্ত্রকে সরকারের প্রধান ভিত্তি উল্লেখ করে ফখরুল বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পৃক্ত। তিনি নিজেও একসময় স্থানীয় সরকারে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে বলেন, এ মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে এবং মানুষের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর— এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়। আইনশৃঙ্খলা আগের চেয়ে উন্নত হয়েছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরে আসছে এবং ব্যাংকিং খাত অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সবার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গত দেড় বছরে মব জাস্টিসের ঘটনা বেড়েছে— এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অবশ্যই এটি নিয়ন্ত্রণ করা হবে। একটি বড় রাজনৈতিক ঝড়, বিপ্লব ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ অতিক্রম করেছে। এমন পরিস্থিতির পর সবকিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হয়ে যাবে— এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়াকে তিনি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন <<>>কৃষক কার্ড নিয়ে কাজ শুরু করব: টুকু

‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য বলা হয়েছে।

আওয়ামী লীগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত কী হবে— জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অভ্যন্তরীণ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন আছে কি না— এ প্রশ্নে তিনি বলেন, প্রয়োজন নেই। বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়ে তারা গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং সে কৃতিত্ব তাদের প্রাপ্য।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়