ছবি: আপন দেশ
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের প্রশ্নের জবাবে কঠোর অবস্থান তুলে ধরেছেন আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আসিফ নজরুল জানান, মতবিনিময় সভায় পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তারা জানতে চান নির্বাচনী ফলাফল সব দল মেনে নেবে কি না। তারা সংঘাত ও সহিংসতার ঝুঁকি নিয়েও প্রশ্ন করেন। নারী ভোটারদের অংশগ্রহণ কেমন হবে, সে বিষয়েও জানতে চান। গণভোট নিয়ে সরকারের পরিকল্পনা কী, সেটিও আলোচনায় আসে। পাশাপাশি আওয়ামী লীগকে নির্বাচনে অন্তর্ভুক্ত করা যেত কি না—সে প্রশ্নও তোলা হয়।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আসিফ নজরুল বলেন, দলটির পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আসার কোনো উদ্যোগ দেখা যায়নি। যেভাবে তারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, সে কারণে তাদের সিরিয়াস ও সিনিয়র নেতাদের বিচার চলছে।
তিনি আরও বলেন, দলটির প্রধান নেত্রীর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই নেত্রী বিদেশে অবস্থান করে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তি ও বর্তমান সরকারের সদস্যদের হত্যার নির্দেশ দিচ্ছেন। বাড়িঘর জ্বালিয়ে দেয়ার উসকানিও দিচ্ছেন।
আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মানুষের প্রত্যাশার বিপরীতে গিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় দল ও সরকারের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকে অনুশোচনামূলক বা নিন্দাসূচক বক্তব্য দিতে দেখা যায়নি।
তিনি বলেন, রিকনসিলিয়েশন বা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া শুরু করতে হলে অপর পক্ষের মনোভাব বিবেচনায় নিতে হয়। তার মতে, আওয়ামী লীগের মধ্যে সংস্কার, নতুন রাষ্ট্র গঠন এবং প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার চলমান প্রক্রিয়ায় যুক্ত হওয়ার কোনো ইচ্ছা বা মানসিকতা নেই। বরং তারা আগের ফ্যাসিস্ট শাসনের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
আরও পড়ুন <<>> হাদীর পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
নির্বাচন প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, বহু বছর পর বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। বহু বছর পর দেশ একটি প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সংসদ পেতে যাচ্ছে। সংসদে কার্যকর বিরোধী দলও থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা রাখা তরুণরা প্রশ্ন করতে ভয় পায় না। তারা জবাবদিহি নিশ্চিত করতেও পিছপা নয়। এ তরুণদের সংসদে প্রতিনিধিত্ব থাকলে স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা আরও বাড়বে বলে তিনি মনে করেন।
নারী ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, নারী ভোটারদের ভয় পাওয়ার মতো কোনো বিশেষ পরিস্থিতি দেশে নেই। তার মতে, এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ আগের চেয়ে আরও বাড়বে।
সংস্কার ও গণভোট বিষয়ে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন হলে গণভোট আয়োজন করা হবে। মানুষের মধ্যে সংস্কারের আকাঙ্ক্ষা রয়েছে বলে তিনি মনে করেন। তাই গণভোট হলে ‘হ্যাঁ’ ভোটই বিজয়ী হবে বলে তার ধারণা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































