Apan Desh | আপন দেশ

এবার শাহবাগে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২৬

এবার শাহবাগে পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ

ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে ফের পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জাতিসংঘের অধীনে ওসমান হাদী হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর রাত ৮টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন<<>> হাদী হত্যা: রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেডে বাধা পান। ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের এবং ডাকসুর সাবেক জিএসসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনা ও র‍্যাব সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন<<>> আন্দোলনকারীদের উপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি: ডিএমপি

ইনকিলাব মঞ্চের নেতাদের অভিযোগ, জুমার নামাজের পর শান্তিপূর্ণভাবে সমবেত হলে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন। সংঘর্ষে ডাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

তবে সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনকারীদের ওপর কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। ডিএমপির দাবিও একই। ঢাকা মেডিকেলের ডাক্তাররাও জানিয়েছে, চিকিৎসারতদের কারও গায়ে গুলির চিহ্ন পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পোস্টে জানায়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও পুলিশি হামলায় আহত করা হয়েছে।

পরবর্তীতে আরেকটি ফেসবুক পোস্টে সংগঠনটি নেতাকর্মীদের আপাতত কোনো ধরনের জমায়েত না করার আহবান জানায়। পোস্টে বলা হয়, চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। সে পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার অনুরোধ জানানো হচ্ছে। কিন্তু তা মানেনি আন্দোলনকারীরা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়