ছবি: আপন দেশ
জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে শ্রাবণ সন্ধ্যায় মুগ্ধ করেছেন উপমহাদেশের প্রখ্যাত বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। পরে ওস্তাদ আজিজুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক কাজী রওনাক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, এ কে এম মহসীন, শাহনাজ বেগম পলি ও মোহাম্মদ মোমিন হোসেন। এছাড়া ক্লাবের সদস্য, তাদের পরিবারের সদস্য এবং সংগীতপ্রেমী শ্রোতারা উপস্থিত ছিলেন।
পরিবেশনার শুরুতে ওস্তাদ আজিজুল ইসলাম রাগ শ্যাম কল্যাণ পরিবেশন করেন। এরপর সংক্ষিপ্ত আলাপের পর ঝাপতাল ও তিনতালে নিবদ্ধ গৎ বাজান। পরে রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন পরিবেশন করে তিনি পরিবেশনার সমাপ্তি টানেন।
আরও পড়ুন <<>>আপিল বিভাগে প্রবেশে বাধা, অবস্থান কর্মসূচির ঘোষণা সাংবাদিকদের
তার সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময়ও তাদের কানে অনুরণিত হচ্ছিল বাঁশির সুর। এমন আয়োজনের জন্য জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।
অনুষ্ঠান শেষে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ওস্তাদ আজিজুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































