ছবি: আপন দেশ
মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রথম স্ত্রী মাকসুদা খানমের পর এবার সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকেও গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ মামলায় মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও আসামি করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা করেছেন।
ওই মামলায় শুরুতে এমপি গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা খানমকে গ্রেফতার দেখানো হয়। আর গাজী নজরুলকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।
এর আগে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেছিলেন, এমপি হওয়ায় গাজী নজরুলকে গ্রেফতারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার দেখানো হবে।
আরও পড়ুন : নজরুলের বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ, স্পিকারের অনুমতির অপেক্ষা
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গাজী নজরুলকেও গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা খানমকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় ‘স্ত্রী’ মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, মৃত্যুর ঘটনা ৩টা থেকে সাড়ে ৩টার দিকে হতে পারে।
পুলিশ জানিয়েছে, মরিয়ম যে কক্ষে থাকতেন, সেখান থেকে তার লেখা কিছু চিরকুট উদ্ধার করা হয়েছে। তার কোনো ফোন ছিল না। তাকে ফোন ব্যবহার করতে দেয়া হতো না।
আরও পড়ুন : আদালতে জামিননামা জমা দিলেন গাজী নজরুল
‘ব্যক্তিগত মুহূর্তে’র একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর এমপি গাজী নজরুল। ওই ভিডিও প্রকাশের পর ‘নৈতিক স্খলনে’র প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলাম। তবে এখন পর্যন্ত এমপি পদ থেকে পদত্যাগ করেননি তিনি। সবশেষ সংসদ অধিবেশনেও তিনি যোগ দেননি।
গাজী নজরুল ইসলামের ওই ‘ব্যক্তিগত ভিডিও’ ভাইরাল হওয়ার পর অনৈতিক সম্পর্কের প্রতিবাদ ও ভিডিও ফাঁসের সন্দেহে মারধর এবং শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।
ওই মামলায় হাইকোর্ট থেকে গত ১০ আগস্ট আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।
রোববার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি ওই জামিননামা জমা দেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































