আব্দুর রহমানেল মাছউদ।
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘আগামী ১৪ এপ্রিলের আগেই স্থগিত হওয়া শেরপুর-৩ ও শূন্য হওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’
রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘উপনির্বাচন নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। তফশিল ঘোষণার বিষয়ে কমিশন সময় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনগত প্রক্রিয়া মেনেই নির্বাচন আয়োজন করা হবে।’
নির্বাচনের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘বৈশাখে সাধারণত ঝড়-বৃষ্টি হয়। তাই আমরা পয়লা (১৪ এপ্রিল) বৈশাখের আগেই এই দুটি আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছি।’
তিনি আরও বলেন, ‘উপনির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবস্থাও বহাল থাকবে। বিশেষ করে প্রবাসী ও অনুপস্থিত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে যে দাবি জানাল জামায়াত
অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী, শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেয়ার ঘোষণা দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































