Apan Desh | আপন দেশ

আমিরাতে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৯, ১৯ আগস্ট ২০২৬

আমিরাতে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান থেকে আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি দেশটির জলসীমায় পড়েছে বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় । অন্যটি পড়েছে জলসীমার বাইরে।

স্থানীয় সময়মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে আরব আমিরাত। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগে কয়েক মাস পর প্রথমবারের মতো সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ)। 

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করেছে। এ সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেয়া সতর্কতা ও হালনাগাদ তথ্য অনুসরণ করার আহবান জানানো হয়।

একই সময়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও ফোনে সতর্কবার্তা পাঠায়। এতে বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকির কারণে সবাইকে কাছের নিরাপদ ভবনে আশ্রয় নিতে বলা হয়।

আরও পড়ুন<<>>কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

এর আগে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছিল, গত ১৪ আগস্ট  হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) একটি জাহাজে হামলা চালিয়েছে তেহরান। এরপর সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানকে উসকানিবিহীন হামলা বন্ধ করতে, শত্রুতা শেষ করতে এবং হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে পুনরায় খুলে দিতে আহবান জানায়।

দেশটিতে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসে। এরপর জুনে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে ভুল করে বাসিন্দাদের কাছে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়েছিল। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের হামলার বড় অংশের লক্ষ্য ছিল সংযুক্ত আরব আমিরাত। দেশটির দিকে এ পর্যন্ত প্রায় ৩ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়, যা ওই অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়