Apan Desh | আপন দেশ

পরিকল্পিত আগুনে পুড়ছে আমেরিকা, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৭, ৪ আগস্ট ২০২৬

পরিকল্পিত আগুনে পুড়ছে আমেরিকা, গ্রেফতার ১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন অঞ্চলে তিনটি ভয়াবহ দাবানল ছড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বড়টিতে পরিকল্পিতভাবে আগুন দেয়ার অভিযোগ ওঠেছে। এ অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে ৩৭ বছর বয়সী অ্যারন ফারিনাচ্চি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এর আগে তার বিরুদ্ধে নরহত্যার অপরাধে সাজা খাটার রেকর্ড রয়েছে। সিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পোকেন কাউন্টি শেরিফ জন নোয়েলস এক সংবাদ সম্মেলনে জানান, ফারিনাচ্চিকে প্রথম ডিগ্রি অগ্নিসংযোগের (আর্সন) অভিযোগে সোয়াত টিমের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ১০ লাখ ডলার বন্ডে কারাগারে রাখা হয়েছে।

শনিবার (০১ আগস্ট) সকাল ১০টার দিকে দাবানল শুরুর ঠিক আগে একজন প্রত্যক্ষদর্শী তাকে বনের পাশে ঘাসের ওপর উবু হয়ে বসে থাকতে দেখেন। ওই ব্যক্তি উঠে দাঁড়ানোর পর তাকে বেশ বিচলিত দেখাচ্ছিল। পরে তিনি দ্রুত এলাকা ত্যাগ করেন।

পুলিশ ওই দিনই ঘটনাস্থলের আধা মাইল দূর থেকে ফারিনাচ্চিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তার কাছে ওয়াটারপ্রুফ দিয়াশলাই ও বিউটেন লাইটার পাওয়া গেলেও পর্যাপ্ত তথ্য না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

তবে পরে গোয়েন্দারা নিশ্চিত হন যে, প্রত্যক্ষদর্শী যেখানে তাকে উবু হয়ে বসে থাকতে দেখেছিলেন, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল।

আরও পড়ুন <<>> দলে দলে ইসরায়েল ছাড়ছেন ইহুদিরা!

স্পোকেন কাউন্টি প্রসিকিউটর প্রেস্টন ম্যাককলাম জানান, ফারিনাচ্চির বিরুদ্ধে এর আগেও সন্দেহজনকভাবে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছিল। এছাড়া ২০১২ সালে অ্যারিজোনায় একটি নরহত্যার মামলায় তার সাজা হওয়ার নজির রয়েছে।

বর্তমানে স্পোকেন অঞ্চলে তিনটি প্রধান দাবানল জ্বলছে, যার মধ্যে ‘ওল্ড ট্রেইলস ফায়ার’ সবচেয়ে বড়। এ দাবানলে এ পর্যন্ত প্রায় ৮ হাজার একর এলাকা পুড়ে গেছে। ৭০০-র বেশি স্থাপনা ধ্বংস হয়েছে। আগুনের কারণে প্রায় ৬৭ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে।

তবে ফারিনাচ্চির সঙ্গে অন্য দুটি দাবানলের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়