ছবি : সংগৃহীত
ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান কমান্ডার-ইন-চিফ ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
একই সঙ্গে গত সপ্তাহে বরখাস্ত করা তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দিয়েছেন তিনি।
বুধবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি জানান, তিনি জনপ্রিয় ও উদ্ভাবনী ধারণাসম্পন্ন জেনারেল মাইখাইলো ড্রাপাতিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছেন।
জেলেনস্কি জানান, ড্রাপাতি সেনাবাহিনীর কমান্ড কাঠামো পুনর্গঠনের কাজটি তদারকি করবেন। তিনি মাইখাইলো ফেদোরভকে পুনরায় সরকারে ফিরিয়ে আনছেন।
ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের পর কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। যা ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর থেকে দেশটিতে তৈরি হওয়া অন্যতম বড় রাজনৈতিক সংকট।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট সিরস্কির অবদানের স্বীকৃতি দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। কিয়েভ প্রতিরক্ষা এবং ২০২৪ সালের গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক প্রদেশে পাল্টা আক্রমণ পরিচালনায় নেতৃত্ব দেয়ার জন্য সিরস্কিকে কৃতিত্ব দেন তিনি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ প্রথম রুশ ভূখণ্ডে বিদেশি ট্যাঙ্কের প্রবেশ ঘটিয়েছিল।
জেলেনস্কি বলেন, আমরা দীর্ঘ পথ অতিক্রম করেছি। ইউক্রেনের প্রতিরক্ষা অব্যাহত রয়েছে। আর আমাদের প্রতিটি সৈন্য সম্মানের দাবিদার।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































