ফাইল ছবি
আবারও বাংলাদেশ পুলিশের পোশাকের রং বদলাচ্ছে। এখন থেকে গাঢ় নীল শার্ট ছাড়াও মেট্রোপলিটন এলাকায় হালকা জলপাই ও খাকি রঙের প্যান্ট পরিধান করবেন পুলিশ সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, আগের আয়রন রঙের পরিবর্তে জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। পাশাপাশি সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হালকা অলিভ (জলপাই) রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি।
এছাড়াও প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ (জলপাই) রঙের ব্লাউজ পরিধান করবেন। সে সঙ্গে হেড কভার অনুমোদিত গাঢ় নীল রঙের হতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন <<>> প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার দুই ইউনিয়নের নাম
জুলাই গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে পুলিশে সংস্কারের দাবি ওঠে। অনেকেই পুলিশের পোশাকও পরিবর্তনের দাবি তোলেন। এর প্রেক্ষিতে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। যার অংশ হিসেবে পুলিশের সব সদস্যের জন্য আয়রন (লোহা) রঙের পোশাক নির্ধারণ করা হয়। পরবর্তীতে গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ।
তবে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর ২৪ ফেব্রুয়ারি পুলিশের পোশাক পরিবর্তনের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
এরই ধারাবাহিকতায় এবার গাঢ় নীল ও হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































