ছবি: আপন দেশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। সংগঠনটি পুরোনো ভিডিও ফেসবুকে দিয়ে মিছিল বলে দাবি করছে। এদিকে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন।
এন এম নাসিরুদ্দিন বলেন, ফেসবুকের কতিপয় আইডি থেকে ‘নিষিদ্ধ দলের রাজকীয় প্রত্যাবর্তনের দাবিতে নোয়াখালীর আপামর জনতা পবিত্র জুমার নামাজের পর স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমে গেছে।’ শিরোনামে একটি ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র প্রচার করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা গেছে, প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। শুক্রবার নোয়াখালী জেলায় এ ধরনের কোনো মিছিল বা সমাবেশ হয়নি।
তিনি বলেন, ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত আইডিগুলো শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন <<>> ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, প্রচারিত ভিডিও ও ছবিগুলো বর্তমান সময়ের নয়। এগুলো অনেক আগে ধারণ করা ভিডিও ও স্থিরচিত্র থেকে নেয়া হয়েছে। এছাড়া ভিডিওতে ব্যবহৃত স্লোগানও এডিটিংয়ের মাধ্যমে সংযোজন করা হয়েছে। যা জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশে প্রচার করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































