Apan Desh | আপন দেশ

বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১০, ২ মে ২০২৬

আপডেট: ২৩:১১, ২ মে ২০২৬

বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটের আশঙ্কা

ছবি : সংগৃহীত

ইরান–ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না—এটি এখন বৈশ্বিক কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় রাসায়নিক সারের আন্তর্জাতিক সরবরাহ প্রায় অচল হয়ে পড়েছে, যা বিশ্বব্যাপী কৃষি উৎপাদনে গুরুতর প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ সংকট অব্যাহত থাকলে বিশ্বে ফসল উৎপাদন প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। কারণ সারের অভাবে অনেক দেশ সময়মতো ফসল রোপণ করতে পারছে না। ইতোমধ্যে এশিয়ার কয়েকটি দেশে চাষাবাদের উপযুক্ত সময় পার হয়ে গেছে, যা ভবিষ্যতে খাদ্য ঘাটতির ঝুঁকি বাড়াচ্ছে।

রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও সতর্ক করে বলেছেন, পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। সারের ঘাটতির কারণে বড় কৃষিপণ্য রপ্তানিকারক দেশগুলো—যেমন যুক্তরাষ্ট্র ও ব্রাজিল—তাদের চাষাবাদের ধরন পরিবর্তন করতে পারে। তারা গম ও ভুট্টার মতো ফসল কমিয়ে সয়াবিনের মতো নাইট্রোজেন ধরে রাখতে সক্ষম ফসলের দিকে ঝুঁকতে পারে।

আরও পড়ুন <<>> অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেক কৃষক খাদ্যশস্য উৎপাদনের বদলে বায়োফুয়েল তৈরিতে ঝুঁকতে পারেন, যা খাদ্য সরবরাহ আরও কমিয়ে দিতে পারে।

ইতোমধ্যে বিশ্ববাজারে গম ও সয়াবিনের দাম বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের শেষার্ধে এ দাম আরও বাড়বে এবং আগামী বছরে তা বড় ধরনের খাদ্য মূল্যস্ফীতিতে রূপ নিতে পারে।

সব মিলিয়ে, এ সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। সারের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরিস্থিতি আরও তীব্র হওয়ার আশঙ্কাই বেশি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়