Apan Desh | আপন দেশ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৪, ২২ মার্চ ২০২৬

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ছবি সংগৃহীত

ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

আইডিএফ জানায়, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, নতুন করে হামলার এই ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে।

অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার তারা ইরান থেকে নিক্ষিপ্ত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৫টি ড্রোন ভূপাতিত করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সংস্থাটি আরও জানায়, ইরানের ‘প্রকাশ্য আগ্রাসন’ শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানি হামলার পর জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিষয়ে সতর্ক করার পরপরই এই বিস্ফোরণগুলো ঘটে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement