Apan Desh | আপন দেশ

যুদ্ধ থামাতে যে উদ্যোগ নিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪০, ২২ মার্চ ২০২৬

যুদ্ধ থামাতে যে উদ্যোগ নিল তুরস্ক

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও ক্রমবর্ধমান সংঘাত থামাতে সক্রিয় কূটনৈতিক উদ্যোগ নিয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও মিসরের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র।

রোববার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া তথ্যে বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত নিরসনে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলাদাভাবে কথা বলেন ফিদান। তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাতি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন।

তবে এসব আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। কূটনৈতিক সূত্র শুধু জানিয়েছে, যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ ও উত্তেজনা কমানোর উপায় নিয়েই মূলত এ যোগাযোগগুলো হয়েছে।

বিশ্লেষকদের মতে, তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। বর্তমান পরিস্থিতিতে আঙ্কারার এ সক্রিয়তা ইঙ্গিত দিচ্ছে যে, সংঘাতকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়া থেকে ঠেকাতে বিভিন্ন দেশ এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে মাঠের বাস্তবতায় সংঘাত এখনো তীব্র রয়ে গেছে, ফলে এসব কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement