Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালি ইস্যু: ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৪, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১১:৫৪, ২২ মার্চ ২০২৬

হরমুজ প্রণালি ইস্যু: ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ধ্বংস করে দেয়া হবে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো। এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ মার্চ) ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুমকি দেন তিনি।

পোস্টে ট্রাম্প বলেন, এ মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে।  ধ্বংস করে দেবে। সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।

তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় বলে উল্লেখ করছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের বেধে দেয়া সময়সীমা শেষ হবে সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।

অবশ্য ট্রাম্পের এমন হুমকির পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামো ও পানি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

উল্লেখ্য, ট্রাম্পের এ হুমকি এমন এক সময়ে এল যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা ‘গুটিয়ে নেয়ার’ কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন, একটা নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement