ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স বা ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণের আহবান জানিয়েছে চীন। সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক ইসলামবিদ্বেষ বিরোধী দিবস উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের এক উচ্চপর্যায়ের সভায় এ আহবান জানান জাতিসংঘে নিযুক্ত চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।
সুন লেই বলেন, সব দেশের উচিত চরমপন্থি মতাদর্শ ও ‘সভ্যতার সংঘাত’ ধারণাকে দৃঢ়ভাবে প্রতিহত করা। একই সঙ্গে ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে ঘৃণা ও অসহিষ্ণুতার উসকানি নিষিদ্ধ করে শান্তির সংস্কৃতি গড়ে তোলা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় কাজ করা প্রয়োজন।
তিনি বলেন, ইসলামোফোবিয়া জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সরাসরি লঙ্ঘন। এটি মানবতার অভিন্ন মূল্যবোধকে ক্ষুণ্ণ করে, শান্তি ও উন্নয়নের জন্য হুমকি সৃষ্টি করে এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের বিরুদ্ধে কুসংস্কার, বৈষম্য ও সহিংসতা বাড়ছে। ইসলামোফোবিয়া আঞ্চলিক সংঘাত, সামাজিক বৈষম্য এবং ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের সঙ্গে গভীরভাবে জড়িত, যা কার্যকর প্রতিরোধ গড়ে তোলাকে কঠিন করে তুলছে।
আরও পড়ুন <<>> আলি লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
চীনের এ কূটনীতিক জোর দিয়ে বলেন, ইসলামবিদ্বেষ নির্মূল করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া বৈষম্য ও অসহিষ্ণুতার মূল কারণ—দারিদ্র্য ও অসমতা দূর করার পাশাপাশি বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি ও ধর্মের মধ্যে সংলাপ, সহাবস্থান ও পারস্পরিক শিক্ষাকে জোরদার করার আহবান জানান সুন লেই।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































