ঢাকা: গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন।
সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন। এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগষ্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি ৩২ হাজার ৭৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন।
এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
এদিকে দেশের সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এডিস মশা নিধন কার্যক্রম শুধু ঢাকাতেই পরিচালনা করলে হবে না, সারা দেশেই এটি জোরদার করতে হবে।
আপন দেশ/এবি





































