ছবি: আপন দেশ
রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্য চুক্তি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সকল সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ ছাড় ও বিশেষ সুবিধায় উন্নত চিকিৎসাসেবা লাভ করবেন। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা, এক্সিকিউটিভ হেলথ চেক-আপ এবং কার্ডিয়াক হেলথ চেক-আপসহ বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পাবেন।
দ্বিপাক্ষিক এ চুক্তিতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের পক্ষে সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম যৌথভাবে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এবং চুক্তিতে স্বাক্ষর করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইন বিষয়ক সম্পাদক সূচনা সিকদার। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উভয় পক্ষের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এ চুক্তির মাধ্যমে দেশের অভিনয় শিল্পীরা অত্যন্ত সুলভে ও অগ্রাধিকার ভিত্তিতে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারবেন, যা তাদের স্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপন দেশ/এবি




































